দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩নং রামপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় কেন্ন্য কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কাঠামো সুদৃঢ়করণ এবং সামনে সম্ভাব্য আন্দোলন–সংগ্রাম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এসময় তিনি বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিস্তারিত ব্যাখ্যা করেন এবং প্রতিটি দফার তাৎপর্য তুলে ধরে কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ জেড এম রেজওয়ানুল হক বলেন, “রাতের আধারে দিনের ভোট আর নয়। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, ইনশাআল্লাহ।” তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
৩নং রামপাড়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং রামপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনের গতিশীলতা, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় রাজনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
কর্মী সভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে আগত নেতা–কর্মীদের মধ্যে লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।