রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৬ , ৩:০২:৪৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান ওরফে অমল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে জাহানারাবাদ কেরুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পৌর শহরের ইব্রাহিমনগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে কয়েকজন ব্যক্তি নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে সেখানে যান। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের পোলের ওপর উঠে তার কাটার চেষ্টা করলে বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি নিচে পড়ে যান। তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সাইদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দিয়েছিল।
পরে সকালে স্থানীয়রা ধানখেতে সাইদুর রহমানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় বলেন, ভোরে কয়েকজন ব্যক্তি বিদ্যুতের পোল থেকে তার চুরি করতে সেখানে উঠেছিলেন। এ সময় সাইদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান। তার সঙ্গে থাকা সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, নিহত সাইদুর রহমান নেশাগ্রস্ত ছিলেন এবং চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





















