
দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের ছয়জন সিনিয়র সদস্যের বিরুদ্ধে দায়ের করা সিআর মামলাকে “মিথ্যা ও সাজানো” উল্লেখ করে এবং পিবিআই কর্তৃক আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনকে “পক্ষপাতদুষ্ট” আখ্যা দিয়ে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় পার্বতীপুর নতুনবাজার এলাকায় প্রেসক্লাব সংলগ্ন শহীদ মিনার সড়কে পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান।
মানববন্ধনে বক্তব্য দেন জনকণ্ঠের হায়দার, আগামীর সময়ের মামুনুর রশিদ, আমার দেশের মাহফিজুল ইসলাম রিপন, ইনকিলাবের আব্দুল জলিল, মোহনা টিভির ইফতেখার হাবিব, সোনার বাংলার তাজকির হোসাইন, প্রতিদিনের সংবাদের আল মামুন মিলন, মাই টিভির আব্দুল্লাহ আল মামুন এবং মানব কথার প্রকাশক ও সম্পাদক রুকুনুজ্জামানসহ পার্বতীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা অভিযোগ করেন, পিবিআই দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় আদালতে “মিথ্যা ও পক্ষপাতদুষ্ট” তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তারা ওই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে মামলার বাদী কথিত সাংবাদিক মিজানুর রহমান মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বক্তারা জানান, প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত মিজানুর রহমান মিজান ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬১৪/২৫। পরবর্তীতে আদালত ২০২৫ সালের ১১ ডিসেম্বর পিবিআই, দিনাজপুরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মানববন্ধনে দাবি করা হয়, তদন্তকালে পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযোগের কোনো সত্যতা পাননি এবং উপস্থিত সাক্ষীরাও জানিয়েছেন যে প্রেসক্লাবে মিজানুর রহমান মিজানের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।