দিনাজপুর প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৬:১৭ প্রিন্ট সংস্করণ
পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে মাত্র ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আ: করিম (৩৫) নামের একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা এবং পার্বতীপুর শহরের আমিরগঞ্জ মহল্লার বাসিন্দা।
আহত আ: করিম উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রাম থেকে শহরের বাসায় ফেরার পথে স্কুলের সামনে তিনটি স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়েন। এতে তার ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে।
স্থানীয়রা জানান, ২০ গজের মধ্যে এত ঘন ঘন স্পিড ব্রেকার থাকায় যানবাহন চালকদের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আদর্শ হুগলীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “স্পিড ব্রেকার স্থাপনের আগে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটত না। এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে।”
পথচারী ও এলাকার অভিযোগ, স্পিড ব্রেকারের উচ্চতা অতিরিক্ত এবং যথাযথ সতর্কতামূলক সাইনবোর্ড বা রিফ্লেক্টর নেই। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চালকরা বেশি ঝুঁকিতে পড়ছেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন জানান, স্পিড ব্রেকারগুলো স্থাপন করেছে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর। তিনি বলেন, একটি স্পিড ব্রেকার রেখে বাকি দুটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।
স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমেদ জানান, ২০১৮ সালে সড়ক ও জনপদ অধিদপ্তরে আবেদন করার পর স্পিড ব্রেকার স্থাপন করা হয়। তবে তিনটি স্থাপনের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট দপ্তর।
এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার অপসারণ, মানসম্মত নকশা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।




















