কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার দেশে পৌঁছাতে পারে।’
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রবিবার ফ্লাই করবেন।’
এদিকে শাশুড়িকে লন্ডনে নিতে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তাকে রিসিভ করার জন্য ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘বিমান এক ঘণ্টা বিলম্ব হয়েছে। এ কারণে ডা. জুবাইদা রহমান সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন।’
এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় আসতে বিলম্ব করছে।
এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।