পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে আটক করেছে পুলিশ ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত অধ্যক্ষ শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে নিজ এলাকার স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে রমনা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি বলেন, ‘বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করা হয়েছে।’
রমনা থানা থানা সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সাবেক এমপি শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, একজন শিক্ষাবিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে স্বরুপকাঠী উপজেলা চেয়ারম্যান এবং পরবর্তিতে অধ্যক্ষ শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।