চীনে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সম্মানে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ইউরোলজি ও এন্ডোইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ঝং ওয়াং শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় বাংলাদেশের ইউরোলজি ও এন্ডোইউরোলজির উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রসার এবং দুই দেশের মধ্যে চিকিৎসা শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক ঝং ওয়াং এসআইইউ ফেলো হিসেবে অধ্যাপক ডা. রফিকুল ইসলামের পেশাগত দক্ষতা, চিকিৎসাবিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তার চিন্তাভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ইউরোলজি ও এন্ডোইউরোলজিসহ সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে অধ্যাপক রফিকুল ইসলামের উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনাও গুরুত্ব পায়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাংলাদেশের ইউরোলজি খাতের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউরোলজি ও এন্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, উন্নত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং বিশেষায়িত চিকিৎসাসেবার সম্প্রসারণের ফলে দেশের চিকিৎসাব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, রোবোটিক সার্জারির ক্ষেত্রে বাংলাদেশের যাত্রা শুরু হওয়া দেশের চিকিৎসাবিজ্ঞানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক চিকিৎসা প্রযুক্তির এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বর্তমান সরকারও গুরুত্ব দিচ্ছে। তবে রোবোটিক সার্জারিকে টেকসই ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ সার্জন ও প্রশিক্ষিত অপারেশন থিয়েটার টিম তৈরি, নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘রোবোটিক সার্জারি আধুনিক অস্ত্রোপচারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা উপযুক্ত রোগী নির্বাচন ও দক্ষতার সঙ্গে প্রয়োগ করা হলে জটিল অস্ত্রোপচারে সূক্ষ্মতা এবং নিয়ন্ত্রিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করতে পারে। ইউরোলজির বিভিন্ন জটিল অস্ত্রোপচারে এ প্রযুক্তির সম্ভাবনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশে রোবোটিক সার্জারির পরিসর সম্প্রসারণের পাশাপাশি এন্ডোইউরোলজি ও অন্যান্য বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
অনুষ্ঠানে অধ্যাপক রফিকুল ইসলামকে পুডং গংলি হাসপাতালের পক্ষ থেকে বিশেষ সম্মাননাসূচক স্মারক উপহার তুলে দেন উক্ত হাসপাতালের ইউরোলজি ও এন্ডোইউরোলজি বিভাগের প্রধান ঝং ওয়াং।
গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে এসআইইউ ফেলো হিসেবে পুডং গংলি হাসপাতালের আমন্ত্রণে রোবোটিক সার্জারির ওপর বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে চীনে যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।