নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া বিভিন্ন মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ মে) অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা” এবং থানার বিভিন্ন কার্যক্রমে সমন্বয় করে চলার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। অডিওতে আরও কিছু বক্তব্য রয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম। তিনি বলেন, “এটি আমার বক্তব্য নয়। কীভাবে এ ধরনের অডিও প্রচার করা হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
এ বিষয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, এর আগে গত ৫ মে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী ছাড়াতে ঘুষের দর-কষাকষি সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরদিন থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়।
ভাইরাল হওয়া সাম্প্রতিক অডিওটির সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।