
হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিম (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
সোমবার (৮ জুন) রাত ৯টায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কিশোরী মাধবপুর উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি একজন প্রতিবন্ধী। তার পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় একই এলাকার সুরঞ্জন দাস নামে এক ব্যক্তি চিকিৎসার কথা বলে একজন কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে তাদের বাড়িতে নিয়ে যান।
অভিযোগ অনুযায়ী, গত ২ জুন রাতে তারা পরিবারের সদস্যদের খাবার দেন। পরে পরিবারের সদস্যরা অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ভুক্তভোগী কিশোরীর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে স্বজনরা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান ও পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাঈদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।