প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:৪৪:২২ প্রিন্ট সংস্করণ
বিএনপি সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,‘আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে, তাই সবাইকে ধৈর্য্য রাখার আহ্বান জানাই।’
আজ মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।’
আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজ আমার জন্য ব্যক্তিগতভাবে আবেগের দিন, বিএনপি ও বর্তমান সরকারের জন্য এই দিনটি ঐতিহাসিক। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তার বাস্তবায়ন হচ্ছে।’
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘তাদের যদি মূল্যায়ন করা না হয়, ক্ষমতায়ন করা না হয়, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
আরও পড়ুন:‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, ‘দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এ কার্ড দেওয়া হচ্ছে। কড়াইল ৭তলা ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।’
এ সময় আগামী মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রীসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও দেশের বিশিষ্ট নাগরিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।














