হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ১:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ
ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচনি প্রচারে নেমেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি।
এর আগে দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনি ধানের শীষ প্রতীক পান। প্রতীক পাওয়ার পরপরই নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন বিএনপির এই প্রার্থী।
প্রচারের শুরুতে ভোটারদের উদ্দেশে মির্জা ফয়সল আমিন বলেন, “মাদক, দুর্নীতি ও শোষণমুক্ত শান্তি ও সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছি।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।
নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাঁদের অধিকার, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চান।
প্রচারের প্রথম দিন জেলা বিএনপির কার্যালয় এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল। এখন ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়ার পরিকল্পনা রয়েছে প্রার্থীর।





















