জাতীয়

প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপে দেশে গুনগত পরিবর্তনের ধারার সূচনা হয়েছে: প্রেস সচিব

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ৮:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

পরিবেশ দুষণ মুক্ত রাখতে করণীয়, বর্জ্যমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে সেখানে আবর্জনা না ফেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর নিজের নেওয়া পদক্ষেপগুলোর কারণে দেশে গুনগত পরিবর্তনের ধারার সূচনা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। আজ শনিবার সরকারের ‘৫ মাস পূর্তি’ উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, আমরা দেশের জন্য কাজ করছি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি, এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই।আর আপনারা বিশেষ করে প্রশাসনের কর্মী যারা আছেন এবং সংবাদকর্মী যারা আছেন আপনাদের জন্য কোনো বক্তব্য থেকে থাকে, যদি সমর্থন থেকে থাকে, আসুন সেটা আমরা ভোটের বক্সে আমাদের সেটা প্রতিফলন ঘটাই।’

তিনি বলেন, ‘আরও একটা কথা সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘‘সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।’’ আমি একটা কথা বলি, এই যে ‘‘সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন ভালো হয়ে চলি’’, প্রধানমন্ত্রী যে এই কথাটি বলেছেন কেন বলেছেন?এটি কি একটা বার্তা নয়? এবার আমরা খেয়াল করি তো, কয়টা পত্রিকায়, কয়টা টেলিভিশনে প্রধানমন্ত্রীর এই কথাটাকে ধরে নিউজ করেছি? এজন্য আমি বলি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য স্বচ্ছ হয়, আপনারা যারা সংবাদকর্মী, সরকারে যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য যদি স্বচ্ছ হয় তাহলে দেখবেন আসলে একসঙ্গে আমরা এগিয়ে যাব। প্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসে কথা বলছেন, এমন গল্পের বাংলাদেশ, এমন ছড়ার বাংলাদেশ, এমন মূল্যবোধের বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে আমার ধারণা আমরা ভালোর দিকে যাব আলোর দিকে যাব।’

‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম সম্পূর্ণ পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কিছু সাংবাদিক আমি আপনাদেরকে না, কিছু সাংবাদিক কিছু নিউজ এমনভাবে পরিবেশন করছে, আমি বলব এটা একটা অপসাংবাদিকতা।’

তিনি বলেন, ‘আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। কারণ বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাসী। সম্প্রতি একটা আন্দোলন হয়েছে। সেখানে কি হয়েছে আমি ঘটনাস্থলে সাংবাদিকদের কাছ থেকে খোঁজ নিয়েছি। কিছু মোবাইল সাংবাদিক তারা অপসাংবাদিকতা করেছে, আন্দোলনকারীদের উসকানি দিয়েছে। আমি এর নিন্দা প্রকাশ করছি। এই সরকারের বয়স মাত্র পাঁচ মাস। আমার মনে হয় বিগত ১৭ বছর এদেশে যে অবস্থা করে রেখে গেছে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার। দেশ ঋণে জজর্রিত, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে কার্যকর করে রেখে গেছে, সেখানে যারা অপসাংবাদিকতা করছে, অপপ্রচার চালাচ্ছেন এটা ঠিক না।আমি আহ্বান জানাব এসব অপ্রচার থেকে বিরত থাকার জন্য।’

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, আশরোফা ইমদাদ, আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content