প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রবল বৃষ্টির মধ্যেও শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবল বৃষ্টি উপেক্ষা করে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দর থেকে সরাসরি গাড়িযোগে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এবার প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় মাজার জিয়ারতের পর বেলা ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বহু প্রতীক্ষিত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন তিনি।
এছাড়া সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৭টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com