
গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’-এর ফাইনালে বাসন জোন ২-০ গোলে কোনাবাড়ী জোনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় হিমারদীঘি মেঘনা মিল সংলগ্ন সিটি কর্পোরেশন স্কুল মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন হাজারো দর্শক।
খেলা চলাকালে মাঠের চারপাশ ছিল কানায় কানায় দর্শকে পূর্ণ। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচটির ধারাবর্ণনায় ছিলেন এন আই বাবু ও উসমানগনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী বাসন জোন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টটি স্থানীয় তরুণ সমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।