ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদ। চান্দুরা ডাকবাংলো এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচির ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
অবরোধ চলাকালে বক্তৃতা করেন সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন, এনসিপি নেতা মোঃ আতাউল্লাহ এবং ডা. রফিকুল ইসলাম। তারা অভিযোগ করেন, চূড়ান্ত গেজেটে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে, যা স্থানীয়দের ওপর ষড়যন্ত্র এবং উন্নয়ন বঞ্চনার সুযোগ সৃষ্টি করছে। তারা দাবি করেন, পুরো বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে অন্তর্ভুক্ত করতে হবে।
বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক এডভোকেট ইমাম হোসেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, “অখণ্ড বিজয়নগর রক্ষার দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।