
চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ১৯৭১ সালের ২৫ নভেম্বরের দিনটিকে স্মরণ করে ফরিদগঞ্জে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ র্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৯৭১ সালের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতাকর্মীরা।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
সভায় বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য প্রকৌশলী আবু তাহের ও দেলোয়ার হোসেন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাছসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে চলে যায়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় হানাদার বাহিনী আক্রমণের মুখে পড়ে এবং সেখান থেকে যাওয়ার সময় সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতে কয়েকজন সাধারণ মানুষ নিহত হন। এর মধ্য দিয়ে চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে হানাদারমুক্ত হয় ফরিদগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।