
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান ও মাদরাসার ফকিহ মুফতি আব্দুল হান্নান, গভর্নিং বডির সদস্য অধ্যাপক আবু ইউছুফ, উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক এবং সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক মানিক।
এছাড়া বক্তব্য দেন মরহুমের ছেলে অ্যাডভোকেট সাইফুল্লাহ নোমান, ফেনী মডেল দাখিল মাদরাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন এবং রিবাতুল মিল্লাত মাদরাসার চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে নির্লোভ ও আত্মনিবেদিত হতে হয়। মরহুম মাওলানা আবুল হাশেমের মধ্যে সেই গুণ ছিল। তিনি দুনিয়াবিমুখ, সাদাসিধে ও আদর্শবান মানুষ ছিলেন। এ কারণেই তিনি একটি শক্তিশালী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি ছিলেন প্রকৃত অর্থেই মানুষ গড়ার কারিগর।”
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন, “মাওলানা আবুল হাশেম ছিলেন একটি ইতিহাস ও একটি আদর্শের নাম। তিনি অসাধারণ জ্ঞানী, নিরহংকারী, ধৈর্যশীল ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। দ্বীনের খেদমত এবং শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়।”
অধ্যাপক আবু ইউছুফ বলেন, “মাওলানা আবুল হাশেম আদর্শ মানুষ ও আদর্শ জাতি গঠনের কারিগর ছিলেন। অসাধারণ জ্ঞান থাকা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ ও বিনয়ী। দ্বীনি আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে মুফতি ফারুক আহমেদ বলেন, “প্রায় এক দশক তাঁর সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে। এই দীর্ঘ সময়ে তাঁকে একজন নিষ্ঠাবান, নির্মোহ ও আদর্শ শিক্ষক হিসেবে দেখেছি। তিনি প্রায় ৪০ বছর শিক্ষকতা করেছেন। জীবনের শেষ সময় পর্যন্ত ছাত্রদের কল্যাণ ও শিক্ষার উন্নয়ন নিয়েই চিন্তা করেছেন। তাঁর আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে।”
স্মরণসভা শেষে মরহুম মাওলানা আবুল হাশেমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।