পাশের দেশের মদদে নৈরাজ্য করে ফ্যাসিস্ট শক্তি আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য-বোমাবাজি প্রতিহত করতে দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে জনগণ।’
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে মদদ দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্টরা। শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।’
এ সময় পতিত স্বৈরাচারীরা দেশে প্রবেশের চেষ্টা করলে ৩৬ জুলাইয়ের মতো তাদের আবার দেশ থেকে বিতারিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
নতুন কমিটি নিয়ে রিজভী বলেন, এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ‘আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জণগণকে সঙ্গে নিয়ে যত রকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।