ফ্রান্সের সুপারমার্কেটগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বাড়িয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করার ঘটনায় ইরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে প্যারিস। তবে ফ্রান্সের এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও শত্রুতাপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ফরাসি অভিযোগের জবাবে এ অবস্থান জানানো হয়। এর আগে সোমবার ফ্রান্সের কর্তৃপক্ষ দেশটির সুপারমার্কেটগুলোতে ধারাবাহিক সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্টতাকে দায়ী করে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলাগুলোর ব্যাপ্তি ও আগ্রাসনের মাত্রা ছিল নজিরবিহীন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানান তিনি।
বারো বলেন, ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে এ হামলা দেশটির ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো প্রথম বড় ধরনের সাইবার হামলা। এটি জাতীয় স্বার্থ এবং ফরাসি জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত।
তিনি আরও জানান, এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফরাসি সরকার। হামলার জবাবে প্রয়োজনীয় ও আনুপাতিক সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটায়।
প্যারিসের সরকারি কৌঁসুলি লর বেকুও জানান, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধান এবং তার দুই উপপ্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউনিটটির নাম ‘শহিদ কাভেহ’। এটি আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার কেন্দ্রের সঙ্গে যুক্ত বলে জানান তিনি।
শহিদ কাভেহ নামটি ইরানি সরকারের সরাসরি নিয়োগ করা বলে ধারণা করা একদল হ্যাকারকে বোঝাতে ব্যবহৃত হয়।
গত ১১ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটে ব্যবহৃত রেফ্রিজারেশন ইউনিটের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এতে বিপুল পরিমাণ হিমায়িত ও ঠান্ডা সংরক্ষিত খাবার নষ্ট হয়ে যায়।
হামলায় কোঅপারেটিভ ইউ-এর শতাধিক সুপারমার্কেট এবং ইন্টারমার্শে ও এর সহযোগী ব্র্যান্ড নেটোর ১৮০টি দোকান আক্রান্ত হয়। কয়েকটি দোকানে রাতারাতি ফ্রিজের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল বলে জানা গেছে।
এ ছাড়া ক্যারফুর, মনোপ্রি ও ই. লেক্লার্কের মতো বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানও হামলার শিকার হয়। ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি সফটওয়্যার ব্যবহার করে দূর থেকে এসব দোকানের রেফ্রিজারেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।