রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমা (ককটেল) বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মোড় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তিনি সেখানে চা খেতে এসেছিলেন। ওপর থেকে বোমা এসে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম। তিনি বলেন, ‘ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী হাতবোমা নিচে কে বা কারা নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বোমাটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবিপুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই হাত বোমার আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
উপ-পুলিশ কমিশনার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।