বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের স্লোগানসংবলিত ব্যানারসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লে. সুফিয়ানের নেতৃত্বে নিয়মিত টহল (ডমিনেশন পেট্রোল) পরিচালনার সময় কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় সন্দেহভাজনভাবে তিনজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ব্যানারটি উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল— “১৩ তারিখ লকডাউন, ইউনুস হটাও দেশ বাঁচাও, মশাল মিছিল সার্থক হোক।”
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, “ব্যানারসহ আটক তিনজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।