সারাদেশ

বদরগঞ্জে অবৈধ অস্ত্র ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মহড়া

  ফারুক হোসেন নয়ন , বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র, মাদক ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া ও তৎপরতা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকায় বদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা-আরিয বিন বাশারের নেতৃত্বে বদরগঞ্জ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও লোকালয়ে নিয়মিত টহল, মোবাইল চেকপোস্ট স্থাপন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মধুপুর ইউনিয়নের রাজারামপুর দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে ক্যাম্প কমান্ডার বলেন, বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকাসহ সর্বত্র নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে—এমন আস্থা তৈরি করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।

তিনি আরও জানান, ইতোমধ্যে বদরগঞ্জ উপজেলার সকল ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে করণীয় বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাপ্টেন মা-আরিয বিন বাশার বলেন, “সকল ভোটকেন্দ্রের তথ্য হালনাগাদ করা হয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে বদরগঞ্জ থানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।”

আরও খবর

Sponsered content