রংপুরের বদরগঞ্জে আলিম পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা করতে গিয়ে শাফিকুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে হাতে নাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক শাফিকুল ইসলাম ওই প্রতিষ্ঠানের আরবি বিষয়ের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন শাফিকুল ইসলাম কেন্দ্র থেকে বের হয়ে কিছু সময় পর নকলসহ পুনরায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে পরীক্ষা শেষে তাকে বদরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীম জানান, নকলসহ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করার সময় পুলিশ শাফিকুল ইসলামকে আটক করেছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান বলেন, শিক্ষক হিসেবে এমন কাজ অগ্রহণযোগ্য, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কেন্দ্র সচিবকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।