সারাদেশ

বনানীতে ঋণের টাকা নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৩ সদস্য ছুরিকাহত

  বনানী (ঢাকা) প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ৪:৪২:৫২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানী থানাধীন টিবি গেইট এলাকায় ঋণের টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন সদস্য ছুরিকাহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তারা মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিবি গেইট এলাকার শিশু মেলা স্কুলসংলগ্ন স্থানে আরিফের সঙ্গে সুমনের দেখা করার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে সেখানে যান।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর আরিফ ৭ থেকে ৮ জন সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে ঋণের টাকা পরিশোধের বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া এবং রাসেলের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত আরিফ বা তার পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও খবর

Sponsered content