প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ২:১১ অপরাহ্ণ
বনানীতে কথিত যুবদল নেতা ‘নাডা রুবেলের’ বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

রাজধানীর বনানী থানাধীন বেলতলা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত কামরুজ্জামান রুবেল ওরফে ‘নাডা রুবেল’-এর বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। জনসমক্ষে নিজেকে ধার্মিক ও সুশীল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও তার আড়ালে রয়েছে ভয়ংকর রূপ। কড়াইল বস্তিকেন্দ্রিক চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধ চক্রের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে তার নাম রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন নাডা রুবেল। ওই পোস্টে তিনি ক্যাপশনে লেখেন, "সময়ের সঙ্গে স্মৃতি পুরোনো হয়, কিন্তু মায়া, মমতা, ভালোবাসা আর শ্রদ্ধা কখনো পুরোনো হয় না। তুমি আমার জীবনের এক সুন্দর অনুভূতি, আজও এবং আগামীতেও।"
তবে এই পোস্টের পরই স্বামী ও কথিত নেতার আসল রূপ তুলে ধরে কমেন্ট বক্সে মুখ খুলেন তার স্ত্রী জেসমিন আক্তার দিপা। তিনি মন্তব্য করেন, "স্ট্যাটাসে ভালোবাসা দেখানো সহজ, বাস্তবে গালাগালি অপমান আর শারীরিক নির্যাতন করে ভালোবাসার দাবি করা ভন্ডামি। ভালোবাসা কখনো আঘাত করে না, মানুষের আসল পরিচয় কথায় নয়, আচরণে প্রকাশ পায়।" স্ত্রীর এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাডা রুবেলের ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, প্রায়ই মাদক সেবন করে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান এই সন্ত্রাসী। স্ত্রী একাধিকবার তাকে ডিভোর্স (তালাক) দিতে চাইলে জীবননাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তা থামিয়ে দেন তিনি। পরবর্তীতে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে নীরবে এই নির্যাতন সহ্য করে আসছেন তার স্ত্রী।
অভিযোগ রয়েছে, কথিত যুবদল নেতা পরিচয়ের আড়ালে নাডা রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার এসব অপকর্মে খোদ তার স্ত্রীও চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত এই চিহ্নিত সন্ত্রাসী ও নির্যাতনকারী আইনের আওতায় আসে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com