
রাজধানীর বনানী এলাকায় নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে জাহিদ খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ব্যক্তিগত বিরোধ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানহানি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাহিদ খান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল কালাম আজাদের গাড়িচালক হিসেবে পরিচিত। দলীয় ওই নেতার নাম ব্যবহার করে ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় দলবদ্ধভাবে কড়াইল বস্তির একাধিক ঘর দখল এবং বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাড়িঘর দখলের চেষ্টার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মিথ্যা অভিযোগ ও থানাকে ঘিরে অপপ্রচার
সংশ্লিষ্ট ও থানা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে বনানী থানায় লিখিত অভিযোগ করেছিলেন জাহিদ খান। তবে পুলিশ সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেনি পুলিশ। এর জেরে পরে জাহিদ খান তাঁর ব্যবহৃত ভুয়া ফেসবুক আইডিগুলো থেকে তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অপপ্রচার চালান এবং টাকার বিনিময়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন বলে জানা গেছে।
হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের মামলা
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার অন্যতম আসামি জাহিদ খান। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা গেলেও সে সময় গণমাধ্যমে তাঁর নাম আসেনি।
সূত্রের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের দরপত্র নিয়ন্ত্রণ ও কাজ পাওয়াকে কেন্দ্র করে একটি প্রভাবশালী পক্ষের নির্দেশে জাহিদ খানসহ গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা ওই হামলায় অংশ নিয়েছিলেন। বর্তমানে ওই ছুরিকাঘাতের মামলায় জামিনে রয়েছেন জাহিদ খান।
এসব অভিযোগের বিষয়ে জাহিদ খান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি অপপ্রচার বন্ধ এবং দখল ও হামলার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।