
রাজধানীর বনানী থানাধীন বেলতলা বস্তিতে খুররম আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে দখল রাজত্ব কায়েম ও বিদ্যুৎ চুরির অভিযোগ তুলেছেন বনানী থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন খাঁন।
তিনি অভিযোগ করেন, খুররম আলী আগে আওয়ামী লীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নাম ভাঙিয়ে বেলতলা বস্তির বাজার ও ময়লা টেন্ডার দখল করেছেন। পাশাপাশি বিএনপির দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ প্রকাশ করেন মোহাম্মদ আল মামুন খাঁন।
পোস্টে মোহাম্মদ আল মামুন খাঁন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যামিনুল হকসহ দলটির নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান -এর প্রতি বিষয়টি অবগত করার আহ্বান জানান।
পোস্টে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর বিএনপির নাম ব্যবহার করে খুররম আলী বেলতলা বস্তির প্রায় শতাধিক ঘর দখল করেছেন এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন। তার ভাষ্যমতে, স্বৈরাচার পতনের পর বিদ্যুৎ খাতে যেখানে বকেয়া ছিল প্রায় ৬০ লাখ টাকা, তা এখন বেড়ে দেড় কোটির বেশি হয়েছে।
এছাড়া মেইন লাইনে হুক লাগিয়ে বিদ্যুৎ চুরি, বস্তির বাজার ও ময়লা টেন্ডার দখল এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও তোলা হয় পোস্টে।
পোস্টের এক অংশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে দুই দিন বিদ্যুৎ না থাকায় ঢাকা-১৭ আসনের দুটি কেন্দ্রে বিএনপির ভোটে প্রভাব পড়ে বলে দাবি করা হয়।
মোহাম্মদ আল মামুন খাঁন বিএনপির নীতিনির্ধারকদের কাছে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত খুররম আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।