সারাদেশ

বরিশাল-৫ আসনে আলোচনায় তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক

  নিজস্ব প্রতিবেদক : ২৩ নভেম্বর ২০২৫ , ১২:০৮:২৪ প্রিন্ট সংস্করণ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৫ (সিটি–সদর) আসনে আলোচনায় রয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক। উন্নয়নভিত্তিক চিন্তা, স্বচ্ছতা ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নামায় তাকে ঘিরে ভোটারদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ দেখা যাচ্ছে।

রাজনৈতিকভাবে নতুন হলেও জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে তার। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫ এ-১)-এর জোন চেয়ারপার্সন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ভাইস-চেয়ারম্যানসহ একাধিক আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংগঠনের সঙ্গে যুক্ত।

মানবিক সেবা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননা Melvin Jones Fellowship (MJF)। যুক্তরাষ্ট্রের ওক ব্রুক, ইলিনয়েসে অবস্থিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (LCIF) বিশ্বব্যাপী মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করে। উমার রাযীর এই অর্জন তাকে আন্তর্জাতিক অঙ্গনের সেবামুখী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ বিষয়ে তিনি বলেন,  “এই সম্মাননা আমার অনুপ্রেরণা। বরিশালের মানুষের সেবার মাধ্যমে এটিকে বাস্তবে রূপ দিতে চাই।”

সম্প্রতি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আধুনিক, মানবিক ও স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে ৭ দফা অঙ্গীকার ঘোষণা করেছেন। এসব অঙ্গীকারের মধ্যে রয়েছে—সাশ্রয়ী চিকিৎসা সেবা, প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, যানজট এবং জলাবদ্ধতা নিরসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিত করা।

অঙ্গীকার ঘোষণার অনুষ্ঠানে লায়ন উমার রাযী বলেন, “আমি প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করতে আসিনি। বরিশাল আমার ঘর, আমার পরিবার। মানুষের প্রতি দায়বদ্ধতাই আমাকে সামনে এগোতে অনুপ্রাণিত করেছে। দল–মত–ধর্ম–বর্ণ নির্বিশেষে বরিশালের মানুষের সেবাই হবে আমার রাজনীতির মূলনীতি।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য ক্ষমতা নয়—দায়িত্ব। আমার স্বপ্ন উন্নত, মানবিক ও স্মার্ট বরিশাল; যেখানে প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ হবে।”

তরুণ ভোটারদের মতে, কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গির নেতৃত্ব এখন সময়ের দাবি। এই ক্ষেত্রেই নিজেদের আস্থার প্রতীক হিসেবে দেখছেন তারা তরুণ উদ্যোক্তা লায়ন উমার রাযী আল ফারূককে।

আরও খবর

Sponsered content