২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন—উসমান খাজার এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির সাবেক প্রধান কোচ ড্যারেন লেহম্যান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বল বিকৃতি দীর্ঘদিন ধরেই 'বড় একটি অংশ' ছিল বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় টেস্টে বল বিকৃতি নিয়ে আলোচনা হয়েছিল বলে খাজার করা দাবির বিষয়েও কিছু জানেন না বলে জানিয়েছেন লেহম্যান।
শনিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন লেহম্যান। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য ধরা পড়ার কিছুক্ষণ আগে ক্যামেরন ব্যানক্রফট যে কোচের সঙ্গে কথা বলেছিলেন, সেই কোচ তিনি নন বলেও নিশ্চিত করেছেন লেহম্যান।
এ ছাড়া ড্রেসিংরুমে খাজার দেওয়া এমন কোনো বক্তব্যের কথাও মনে করতে পারেননি তিনি, যেখানে খাজা পুরো দলকে ঘটনার দায় সম্মিলিতভাবে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্রুত তদন্তের পর কেবল ব্যানক্রফট, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার শাস্তি পেয়েছিলেন।
খাজার আত্মজীবনী 'সবর' প্রকাশের আগে নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের সেই বল বিকৃতি-কাণ্ড। আগামী মঙ্গলবার বইটি প্রকাশিত হওয়ার কথা। সম্প্রতি নাইন নিউজপেপার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা বলেছিলেন, 'এটা আমাদের সবার কাজ ছিল।' কেন এত দিন পর বিষয়টি প্রকাশ্যে আনছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টের আগে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন লেহম্যান। তবে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে বরাবরই দাবি করে এসেছেন।
এ বিষয়ে লেহম্যান বলেন, 'আমার মনে হয় না সবাই বিষয়টি জানত। তবে বল বিকৃতি যে হচ্ছে, সেটা জানার কথা। কারণ, ১৫০ বছর ধরেই ক্রিকেটে এমনটা চলে আসছে। প্রশ্ন হলো, কীভাবে এটি করা হচ্ছে এবং কারা কতটুকু জানত। বোলাররা কী জানত, অন্য খেলোয়াড়রা কী জানত—সেটি আলাদা বিষয়।'
তিনি আরও বলেন, 'এটি খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়। কে কী জানে, সেটি তারাই বলতে পারবে। আমি শুধু আমার জানা বিষয়গুলো বলতে পারি। আমি জানি, বল বিকৃতি ক্রিকেটের বড় একটি অংশ ছিল। এখন সেটি কার্যত বন্ধ। তবে অতীতে এমনটা হয়েছে বলে সেটি সঠিক ছিল, এমন নয়। এর জন্য আমাদের বড় মূল্য দিতে হয়েছে। সেই সময় যা ঘটেছে, তার পরিণতি আমাদের মেনে নিতে হয়েছে এবং সামনে এগিয়ে যেতে হয়েছে।'
নাইন নিউজপেপার্সের প্রতিবেদন অনুযায়ী, খাজার বইয়ে দক্ষিণ আফ্রিকার গেবেখায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও বল বিকৃতি নিয়ে আলোচনা ও স্যান্ডপেপার ব্যবহারের দাবি থাকবে। এত দিন এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসেনি।
বল বিকৃতির বিষয়টি নিয়ে লেহম্যান বলেন, রিভার্স সুইংয়ের প্রভাব সম্পর্কে দলের মধ্যে আলোচনা হতো। তবে নির্দিষ্ট কোনো বৈঠক বা আলোচনার বিষয়ে তিনি জানতেন না।
তিনি বলেন, 'না, ওই আলোচনাগুলো সম্পর্কে আমি জানতাম না। তবে ক্রিকেটে নানা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়। এ বিষয়ে স্মিথ ও খাজাই ভালো বলতে পারবে। ক্রিকেট নিয়ে আলোচনা হলেই রিভার্স সুইংয়ের বিষয়টি সামনে আসে। দক্ষিণ আফ্রিকা খুব ভালোভাবে বল সুইং করাচ্ছিল। কীভাবে তাদের রিভার্স সুইং সামাল দেওয়া যায়, তা নিয়ে অবশ্যই আলোচনা হয়েছিল।'
কেপটাউন টেস্টের তৃতীয় দিন সন্ধ্যায় ড্রেসিংরুমে খাজা কোনো বক্তব্য দিয়েছিলেন কি না, সেটিও মনে করতে পারেননি লেহম্যান। তবে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে উড়িয়ে দেননি তিনি। সে সময় নিউল্যান্ডসের সাজঘর দুটি আলাদা অংশে বিভক্ত ছিল।
লেহম্যান বলেন, 'না, এমন কিছু আমার মনে নেই। সেখানে দুটি আলাদা সাজঘর ছিল এবং বিভিন্ন জায়গায় বৈঠক চলছিল। সত্যি বলতে, আমি তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও অনেক বৈঠক করছিলাম। অনেক কিছু একসঙ্গে চলছিল। তাই বিষয়টি মনে করতে পারছি না। তবে এমনটা ঘটে থাকতে পারে। আমি হ্যাঁ বা না—কোনোটাই বলছি না। খাজার নিজের স্মৃতি থেকে তিনি যা বলেছেন, সেটিই তার বক্তব্য। পুরো ঘটনা নিয়ে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে।'
টেলিভিশন ক্যামেরায় স্যান্ডপেপার ব্যবহারের দৃশ্য ধরা পড়ার আগে ব্যানক্রফটের সঙ্গে এক কোচের কথোপকথন সম্পর্কেও জানতেন না লেহম্যান। তিনি বলেন, 'সম্ভবত ওই কথোপকথন সম্পর্কে আমার জানা উচিত ছিল। তবে সেটি যেকোনো সময় হতে পারে। আদৌ এমন কথা হয়েছিল কি না, সেটিও আমি জানি না।'
বর্তমানে নর্দাম্পটনশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করা লেহম্যান জানিয়েছেন, খাজা বিষয়টি প্রকাশ্যে আনার আগে তার সঙ্গে যোগাযোগ করেননি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সঙ্গে যোগাযোগ করেছিলেন খাজা। যদিও বইয়ে কী লিখবেন, সে বিষয়ে তাদের বিস্তারিত কিছু জানাননি বলে জানা গেছে।
পুরোনো ঘটনা আবার আলোচনায় আসায় মানসিকভাবে কঠিন সময় পার করছেন বলেও জানিয়েছেন লেহম্যান। তার ভাষ্য, ওই ঘটনার পর চার মাস তিনি বাড়ি থেকে বের হননি।
লেহম্যান বলেন, 'মানসিকভাবে বিষয়টি আমার জন্য খুব স্পর্শকাতর। আমি জানি, ছেলেরাও একই অনুভূতির মধ্য দিয়ে যাবে। খাজা তখনই কেন বিষয়টি বলেননি, সেটিও বইয়ের আলোচনার একটি অংশ হতে পারে। বই বিক্রির জন্যই তো বই লেখা হয়। তিনি অবসর নিয়েছেন, এখন যা হওয়ার হবে। শুনেছি, তিনি প্যাট কামিন্স ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তবে আমার সঙ্গে কথা বলেননি। আমাকে ফোন বা খুদে বার্তাও পাঠাননি। এতে অবশ্য কোনো সমস্যা নেই।'
বই প্রকাশের বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, 'বই বিক্রির জন্য এসব বিষয় সামনে আনা হয়তো স্বাভাবিক। তিনি কত টাকা পাচ্ছেন, তা জানি না। হয়তো অনেক টাকা পাচ্ছেন। কিন্তু এর বিনিময়ে এমন কিছু প্রকাশ করা কতটা প্রয়োজনীয়, সেটি জানি না। আমিও হয়তো একদিন বই লিখব। কখনো কখনো খেলার স্বার্থে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থে কিছু কথা না বলাই ভালো। তবে এখন বিষয়টি সামনে এসেছে, তাই আমাদের সামলাতে হবে।'
লেহম্যান আরও বলেন, 'যা ঘটেছে, তার জন্য আমরা শুধু ক্ষমা চাইতে পারি এবং ক্রিকেটের স্বার্থে সামনে এগিয়ে যেতে পারি। ক্রিকেটের চেয়ে কোনো ব্যক্তি বড় নয়।'
পুরোনো ঘটনা মনে পড়লে এখনো কষ্ট হয় জানিয়ে তিনি বলেন, 'এটি অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য একটি কালো দিন ছিল। আমরা আগেও বলেছি, আমি নিজেও বলেছি—দেশের ২ কোটি ৬০ লাখ মানুষের কাছে ক্ষমা চেয়েছি। সেদিন আমরা পুরো দেশকে হতাশ করেছিলাম। ওই সময় মানসিকভাবে ঘুরে দাঁড়াতে অনেকের সহায়তা নিতে হয়েছিল। তাদের সহযোগিতা না পেলে আজ আমি কোথায় থাকতাম, জানি না। এখনো বিষয়টি নিয়ে কথা বলা সহজ নয়। পুরোনো স্মৃতি ফিরে এলে আবার সেই কঠিন সময়ের মধ্যে পড়ে যাই। আশা করি, এবারও এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। ভালো মানুষের সহযোগিতায় সেটি সম্ভব হবে।'
এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের শৃঙ্খলা ও সততা রক্ষার প্রক্রিয়ার পক্ষে অবস্থান জানিয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত ২০১৮ সালের সেই টেস্টে খেলা অন্য কোনো ক্রিকেটার এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
মঙ্গলবার সিডনিতে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা নাথান লায়নের। অন্যদিকে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে থাকা মিচেল মার্শ বৃহস্পতিবার পার্থে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার আগে তার কথা বলার কথা রয়েছে।
জানা গেছে, খাজা ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং বল বিকৃতি নিয়ে লেখা বইয়ের অধ্যায়টির একটি অনুলিপি তাকে পাঠিয়েছেন।
সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টেস্টে ঘাড়ের চোটের কারণে নিউল্যান্ডসে খেলতে পারেননি স্মিথ। সফর শেষে তিনি নিউইয়র্কে গেছেন। আগামী ২২ নভেম্বর নিউজিল্যান্ড সিরিজের আগে নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে খেলার জন্য তার দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে ডেভিড ওয়ার্নার বর্তমানে নেপালে ক্রিকেট খেলছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।