বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। শুরুতে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ের পর শেষদিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সের কার্যকর ইনিংসে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
৪ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ডানহাতি বাংলাদেশের পেসার নাহিদ রানা। যদিও নিজের শেষ ওভারে ১৮ রান দেয়ায় তার বোলিং বিশ্লেষণ কিছুটা ব্যয়বহুল হয়ে ওঠে। অন্য বোলাররা প্রত্যাশিত নিয়ন্ত্রণ দেখাতে না পারায় বড় স্কোর গড়ে স্বাগতিকরা।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জিম্বাবুয়ের দুই ওপেনার। প্রথম তিন ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান তুলে বাংলাদেশকে চাপে ফেলে তারা। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে রান তুলতে থাকে স্বাগতিক ব্যাটাররা।
বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান দিয়ে ৯ বলে ১৪ রান করা মারুমানিকে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৪ রান।
নবম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ২০ বলে ২০ রান করা মায়ার্স ক্যাচ দিয়ে ফিরলে ৯ ওভার শেষে জিম্বাবুয়ের রান হয় ২ উইকেটে ৭৬। তৃতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা ইনিংস এগিয়ে নেন। তবে ৩০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে নাহিদ রানার শিকার হন বেনেট। এরপর উইকেটে আসেন রায়ান বার্ল। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১০৫ রান তুলে বড় সংগ্রহের ভিত্তি গড়ে জিম্বাবুয়ে। রাজা ও বার্ল মিলে রান তোলার গতি ধরে রাখেন। তবে ১৩ বলে ২০ রান করে রাজাও শেষ পর্যন্ত সাজঘরে ফেরেন।
ইনিংসের ১৮তম ওভারে আবারও জ্বলে ওঠেন নাহিদ রানা। টানা দুই বলে শুম্বা ও মুসেকিওয়াকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন তিনি। ওই সময় ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার।
তবে শেষ দুই ওভারে আবারও দ্রুত রান তোলে জিম্বাবুয়ে। বিশেষ করে নাহিদ রানার শেষ ওভার থেকে ১৮ রান আদায় করে নেয় স্বাগতিকরা। শেষদিকে রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্সের কার্যকর ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ১৭০ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ। আজ বাংলাদেশ একাদশ রয়েছ- তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।