
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ চূড়ান্ত হয়েছে। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব ক্যাটাগরি)-এর মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। একই ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইশরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ড. শামীম (৪১) এবং সাকেফ আহমেদ সালাম।
অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন, খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমীন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বরিশাল থেকে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে পর্ষদে যুক্ত হয়েছেন শেখ মো. রুহুল আমিন ও মো. সরফরাজ আহমেদ।
পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের পর এখন সবার নজর সভাপতি নির্বাচনের দিকে। পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ ভোট পাওয়ায় সভাপতি পদে তামিম ইকবালের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।