চট্টগ্রাম প্রতিনিধি: ৪ জুলাই ২০২৬ , ১১:২১:২১ প্রিন্ট সংস্করণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনী বোর্ডের ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজী মোকাররম আলী চৌধুরী এবং মো. নূর উদ্দিন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস. এম. নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং এ. কে. এম. সাইফুল্লাহ শাহেদ।
নির্বাচন-২০২৬-এর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সংগঠনের মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, “গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সদস্যরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং শিল্পের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, শিল্প-সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতামূলক শিপ ব্রেকিং খাত গড়ে তোলাই নবনির্বাচিত কমিটির অন্যতম অগ্রাধিকার।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের শিপ ব্রেকিং শিল্পে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।















