আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে প্রথমবার সুযোগ পেয়েছেন চারজন—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও গাজি গোরি। এদের মধ্যে কেবল গোরিরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। গত মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে একটি একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন শান মাসুদ। তবে দলের সাপার্টে স্টাফে এসেছে বড় পরিবর্তন। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে থাকবেন উমর গুল।
গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সরফরাজ ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতিয়েছিলেন। এছাড়া চলতি বছরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিন্স দলের উপদেষ্টা ও ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে, আসাদ শফিক টেস্ট ক্রিকেটে ৭৭ ম্যাচে ৪৬৬০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি শতরান। উমর গুল তিন ধরনের খেলায় মোট ২৩৭ ম্যাচে ৪২৭টি উইকেট নিয়েছেন।
দলের পাঁচজন ক্রিকেটার—আজান আওয়াইস, ইমাম-উল-হক, গাজি গোরি, নোমান আলি ও সাজিদ খান—এই মুহূর্তে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে লাল বলের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিচ্ছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, যেসব খেলোয়াড়ের দল এখনও ২০২৬ সালের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টিকে আছে, তারা বাদে বাকি সদস্যরা ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত করাচিতে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। পরে প্রতিযোগিতা শেষ হলে অন্য খেলোয়াড়রাও যোগ দেবেন। দলটি ২ মে বাংলাদেশে আসবে। আর যারা প্রতিযোগিতার ফাইনালে খেলবেন, তারা ফাইনালের পরপরই বাংলাদেশে যোগ দেবেন।
দুই ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকায় (৮-১২ মে) এবং সিলেটে (১৬-২০ মে)।
পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ গাজি গোরি (উইকেটরক্ষক), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।