রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজার ইজারায় ভ্যাট-ট্যাক্স ফাঁকি ও পৌর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মুক্তার আলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিরা হলেন—আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার, রুস্তমপুর হাটের সাবেক ইজারাদার মামুন হোসেন, আবুল খায়ের সুমন ও একরামুল হক, আড়ানী হাটের সাবেক ইজারাদার ওবাইদুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান এবং সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার সাবেক মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে ভুয়া নিয়োগ ও পৌর তহবিল থেকে তেলের টাকা আত্মসাতের অভিযোগে আরও দুটি মামলা হয়।
দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে হাট-বাজার ইজারা দেওয়ার সময় ইজারাদাররা নির্ধারিত ভ্যাট ও আয়কর জমা দেননি। অথচ পৌর কর্তৃপক্ষ নিয়ম ভঙ্গ করে তাদের ইজারা দেন। এভাবে ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ১০৮ টাকা আত্মসাৎ হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া মুক্তার আলী মেয়র থাকাকালে পৌরসভার সরকারি গাড়ি না থাকলেও ব্যক্তিগত গাড়িতে ব্যবহারের জন্য নিয়ম বহির্ভূতভাবে ১৪ লাখ ৫২ হাজার টাকা তেলের বিল নিয়েছেন। একইসঙ্গে ভুয়া পাঁচ কর্মী দেখিয়ে বেতন-ভাতা বাবদ আরও ৪ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মুক্তার আলীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।