যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের দাবি, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে বিক্ষোভ মিছিল বের করেন। তাদের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই মিছিলে অংশ নেন এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করা হয়।
আটকরা হলেন— জিহাদ হাওলাদার (১৯), ইয়াসিন আরাফাত নিরব, প্রিন্স, শাহারিয়ার আহম্মেদ স্বাধীন, তামিম ইকবাল এবং তন্ময়।
ঘটনার পর বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “বাঘারপাড়ার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক রয়েছি।”
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।