প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে মো. খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
অভিযানকালে লক্ষীনগর বালুমহাল, চকরাজাপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরের নিকটবর্তী একটি স্থানে ড্রেজারের মাধ্যমে নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোরশেদ আলমকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com