আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি তিনদিনব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। বিজ্ঞানভিত্তিক গবেষণাকে প্রাধান্য দিয়ে বাজারমুখী গবেষা বৃদ্ধির লক্ষ্যে ইনোভেশন ফেয়ারের আয়োজন করতে যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (এসএমএসটি) বাস্তবায়ন করবে। আসন্ন ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে আশঙ্কাজনকভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ার সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের এগিয়ে যেতে হলে অবশ্যই বিজ্ঞানের উপর শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ মানের গবেষকদের মধ্যে আমাদের দেশেও ২৫৮ জন গবেষক আছে। কিন্তু শিল্পায়নের সঙ্গে এসব গবেষকদের প্রায়োগিক জায়গার সমন্বয় না থাকার কারনে তেমন ফলাফল পাওয়া যাচ্ছে না। ফলে আমরা বাজারমুখী গবেষনায় জোড় দিতে চাই। যাতে গবেষকদের গবেষণা শিল্পায়নের কাজে লাগে।’ তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, নিয়মিত বিজ্ঞানভিত্তিক লেখা প্রকাশের যাতে করে ভবিষৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠে।
মতবিনিময় সভায় জানানো হয় বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। এটি একটি অনন্য প্ল্যাটফর্ম যেখানে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানসমূহ একসাথে যুক্ত হবেন। বাংলাদেশে অনেক মেধাবী উদ্ভাবক রয়েছেন যারা নতুন ধারণা, প্রযুক্তি ও প্রোটোটাইপ নিয়ে কাজ করছেন। তবে তাদের উদ্ভাবন প্রায়শই গবেষণাগার বা সীমিত পরিসরে থেমে যায়, যা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রভাব সীমিত করে। সাংবাদিকদের জানানো হয় এ ফেয়ারের মাধ্যমে উদ্ভাবক ও শিল্পোদ্যোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। ফলে উদ্ভাবনকে বাজারে পৌঁছানো যাবে সহজে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী খান, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা, যুগ্ম সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিবের একান্ত সচিব মো. আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।