
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি গোডাউন থেকে ৭১৫ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় গোডাউনটি সিলগালা ও মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান।
ইউএনও মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের যৌথ অভিযানে গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়।সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করে এবং মালিক মো. শাহজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মফিজুর রহমান বলেন, “অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।