
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় চা বাগান ও সংলগ্ন ছড়া থেকে অবৈধ সিলিকা বালু উত্তোলন রোধে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অবহিতকরণ এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে এবং স্থানীয় সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
শনিবার (২৩ মে, ২০২৬) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি মো. কেফায়েত উল্লাহ। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া।
সভায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলার হবিগঞ্জ জেলা নেটওয়ার্ক মেম্বার এবং সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ, হবিগঞ্জের ভাইস প্রিন্সিপাল মো. জালাল উদ্দিন রুমি।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, “অননুমোদিত ও অপরিকল্পিতভাবে চা বাগান ও প্রাকৃতিক ছড়া থেকে সিলিকা বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। মহামান্য উচ্চ আদালত এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। যারা আইনি নির্দেশনা অমান্য করে পরিবেশের ক্ষতি করছে, তারা পার পাবে না। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পরিবেশ রক্ষায় আইনি লড়াই আরও জোরদার করা হবে।”
সভাপতির বক্তব্যে মো. কেফায়েত উল্লাহ বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার প্রাকৃতিক সম্পদ, চা বাগান ও ছড়াগুলো ধ্বংসের মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ভাদেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম বলেন, “ছড়া ও চা বাগান থেকে যেভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে, তাতে স্থানীয় অবকাঠামো ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
সভায় সংগঠনের উপদেষ্টা মো. টেনু মিয়া ও মো. উস্তার মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরামর্শ সভা শেষে বেলার প্রতিনিধি দল স্থানীয় যুব সংঘের নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত চা বাগান ও ছড়া এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা বালু উত্তোলনের ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষয়ক্ষতির চিত্র প্রত্যক্ষ করেন এবং দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।