হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে শিক্ষা, সমাজসেবা ও যুব উন্নয়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’। গ্রামের শিক্ষিত ও উদ্যমী যুবকদের সমন্বয়ে ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. কেফায়েত উল্লা (মাস্টার) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল হাসান কাউসার (মাস্টার)। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মুহিত আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. দরবেশ মিয়া, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. জাহিদ মিয়া।
নবগঠিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ঝরে পড়া রোধ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আইটি ও কারিগরি শিক্ষার প্রসার।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সদস্য পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাওরায়ে হাদীস নির্ধারণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
নবনির্বাচিত সভাপতি মো. কেফায়েত উল্লা বলেন, “আমরা কেবল একটি কমিটি গঠন করিনি; বরং সুন্দ্রাটিকি গ্রামের সার্বিক উন্নয়নের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় অভিভাবকদের পরামর্শে একটি আধুনিক ও আদর্শ গ্রাম গড়ে তুলতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদ জানান, সংগঠনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে।
সংগঠনের নীতি নির্ধারণ ও শৃঙ্খলা রক্ষায় এলাকার অভিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা জাকারিয়া আহমেদের কুরআন তেলাওয়াত এবং মুফতি সুহাইল আহমেদ কাসেমীর উপস্থাপনায় কর্মসূচি পরিচালিত হয়। শেষে এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এ সামাজিক উদ্যোগকে এলাকার সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন।