বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ সোমবার এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এমন সন্ত্রাসী তৎপরতা দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি।
আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এই ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান ইউট্যাবের শীর্ষ দুই নেতা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।