
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় উন্নতমানের ৩ হাজার ৮৫২ পিস সানগ্লাস এবং ৯১৭ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
২৫ বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে গত ২৫ আগস্ট পৃথক অভিযানে ২ হাজার ১৭৫ কেজি ভারতীয় ফুচকা এবং ৮১০ কেজি জিরা জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোনো প্রকার চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।