
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০), তিনি উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তিনি কদর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারার একটি মামলার তদন্তে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্যও অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।