
দীর্ঘ এক বছরের কঠোর ও নিবিড় সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেছেন ময়মনসিংহ সদর উপজেলার ১২ নম্বর ভাবখালী ইউনিয়নের কৃতি সন্তান মো. লুৎফর রহমান (জীবন)।
গত ১১ জুন ২০২৬ তিনি বিজিবির প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক (Assistant Director-AD) পদে পদোন্নতি লাভ করেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং তাঁর পরিবার, জন্মভূমি ভাবখালী এবং সমগ্র ময়মনসিংহবাসীর জন্য গর্বের বিষয়।
জানা গেছে, পদোন্নতির আগে মো. লুৎফর রহমান (জীবন) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এ কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেন। সীমান্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
পদোন্নতি লাভের পর তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাঁর বাবা-মা, পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সর্বদা সচেষ্ট থাকব। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখতে সবার কাছে দোয়া কামনা করছি।”
মো. লুৎফর রহমান (জীবন) ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী গ্রামের বাসিন্দা। তিনি মো. আজিজুল ইসলাম ও মোছা. লুৎফুন নাহারের সন্তান। ছাত্রজীবনে তিনি ৯৩ নম্বর ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকার সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি ২০০৭ সালে বর্ডার গার্ড বাংলাদেশে সৈনিক পদে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে ধাপে ধাপে নিজেকে যোগ্য করে তোলেন। অবশেষে এক বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেন।
তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং ভাবখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়দের মতে, এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গৌরবের বিষয়।
সচেতন মহলের মতে, লুৎফর রহমানের এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস। তাঁর সফলতা প্রমাণ করে যে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে যেকোনো স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে তাঁর এই গৌরবময় উত্তরণ দেশপ্রেম, আত্মনিবেদন ও অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর এই সাফল্যে এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।