
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চায়না জাতের কমলা চাষে সাফল্যের আশা দেখছেন দুই উদ্যোক্তা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে প্রায় ১০০ শতক জমিতে গড়ে তোলা দুটি বাগানে কমলা ধরেছে। চলতি মৌসুমে এসব বাগান থেকে প্রায় সাত টন কমলা উৎপাদনের প্রত্যাশা করছেন তাঁরা; যার সম্ভাব্য বিক্রয়মূল্য ১৪ থেকে ১৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাগানের গাছগুলোতে সবুজ পাতার ফাঁকে পাকা কমলা ঝুলছে। অনেক গাছের ডাল ফলের ভারে নুয়ে পড়েছে। কোথাও কমলা সংগ্রহ করছেন বাগানিরা, আবার বাগান দেখতে যাচ্ছেন দর্শনার্থীরাও।
বাগান দুটির উদ্যোক্তা আলমগীর ও খোকন মিয়া প্রায় ১০০ শতক জমিতে চায়না জাতের কমলার বাগান গড়ে তুলেছেন। বাগান দুটিতে প্রায় ১৬০ থেকে ১৭০টি গাছ রয়েছে। চলতি মৌসুমে প্রায় সাত হাজার কেজি কমলা উৎপাদনের আশা করছেন তাঁরা।
বাগানমালিক খোকন মিয়া বলেন, “স্থানীয় মাটিতে কমলা চাষের সম্ভাবনা কাজে লাগাতেই এ উদ্যোগ নিয়েছি। নিয়মিত পরিচর্যা ও ব্যবস্থাপনায় ভালো ফলন পাওয়া যাচ্ছে। এতে কৃষিতে নতুন করে বিনিয়োগের আগ্রহ তৈরি হচ্ছে।”
এদিকে বাগানের খবরে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকা থেকে লোকজন বাগান দেখতে আসছেন। কেউ ঘুরে দেখছেন, কেউ গাছ থেকে কমলা কিনছেন; অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন।
উদ্যোক্তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশেও কেউ কেউ নতুন চারা রোপণ শুরু করেছেন। পরিকল্পিতভাবে এ চাষ ছড়িয়ে দিলে ফল উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও আয় বাড়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম বলেন, “উপজেলার মাটি ও আবহাওয়া বিভিন্ন ধরনের ফল চাষের জন্য উপযোগী। কৃষিতে বৈচিত্র্য আনতে নতুন ফলের বাগান গড়ে তোলার সুযোগ রয়েছে। কমলার ফলন ভালো হওয়ায় নতুন করে কমলা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।