
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কয়েক লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি গবাদিপশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. নাছির মিয়ার বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। পাশাপাশি পাশের গোয়ালঘরে থাকা গরু ও অন্যান্য গবাদিপশু দগ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক টিম’। সংগঠনের সভাপতি কাজী নিয়াজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে খাদ্য ও বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হচ্ছে। সরকারি বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।