বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে দীর্ঘ কর্মজীবনে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার অসংখ্য স্মৃতি গড়ে তুলেছিলেন, জীবনের শেষ যাত্রায়ও সেখানেই ফিরে গেলেন বরেণ্য চিত্রশিল্পী, নাট্যনির্দেশক, বাংলাদেশের পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ার।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে বিটিভি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা নামাজ। এ সময় সহকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
সকাল ৮টা ৫৫ মিনিটে মুস্তাফা মনোয়ারের মরদেহ বিটিভি প্রাঙ্গণে পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সকাল ৯টা ৫২ মিনিটে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নাট্যব্যক্তিত্ব ম হামিদসহ শিল্প-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা জানাজায় অংশ নেন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘মুস্তাফা মনোয়ার ছিলেন দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য আলোকবর্তিকা। বিটিভি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার নেতৃত্ব ও সৃজনশীল অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
দেশের গুণী ও প্রতিভাবান ব্যক্তিত্বদের তালিকায় মুস্তাফা মনোয়ার সবসময় অগ্রগণ্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মুস্তাফা মনোয়ারের কর্মজীবন নিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘কৈশোর থেকেই আমরা তার সৃষ্টিশীল কাজের সঙ্গে পরিচিত। দায়িত্ব যা-ই হোক, তিনি প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছেন। দীর্ঘ কর্মজীবনের প্রতিষ্ঠান বিটিভি প্রাঙ্গণে তার জানাজায় অংশ নেওয়া সবার জন্যই সৌভাগ্যের বিষয়।’
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
বিটিভি প্রাঙ্গণে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মুস্তাফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চারুকলা অনুষদে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
বলা দরকার, গত ১৪ জুন নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৯ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।