হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদানের মামলায় আদালতে হাজিরা দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। আজ মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে তিনি হাজিরা দেন।
এদিন হাজিরা ওমামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেছেন।
গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”
এ ঘটনায় ২ অক্টোবর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ৩ অক্টোবর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। গত ৩ নভেম্বর জামিনে তিনি কারামুক্ত হন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।