বিরল এক সফরে চিরবৈরী প্রতিবেশী ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। শনিবার ইসলামাবাদ বলেছে, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাবেন তিনি। গত বছর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চার দিনের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানি কোনো মন্ত্রী ভারত সফর করতে যাচ্ছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
এর আগে, ২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিও বৈঠকে যোগ দেওয়ার পর এবার মাসুদ মালিক পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রথম ভারত সফর করছেন।
পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র অবিশ্বাস রয়েছে এবং ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির অঞ্চলকে কেন্দ্র করে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী এই দুই দেশ। কাশ্মিরকে উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
কাশ্মিরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনেরও বেশি পর্যটকের প্রাণহানির পর গত বছরের মে মাসে চার দিনের এক যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান।
নয়াদিল্লি এই হামলার পেছনে ইসলামাবাদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে। তবে পাকিস্তান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
হামলার ফলে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয় উভয় দেশ। পরে উত্তেজনা চরম আকার ধারণ করে শেষ পর্যন্ত তা ব্যাপক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলার লড়াইয়ে রূপ নেয়। এতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে এসসিও কাঠামোর মধ্যে বিভিন্ন সভ্যতার সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতির ওপর অটল রয়েছে পাকিস্তান সরকার।
সূত্র: এএফপি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।