দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জোতবানী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে কেটরা বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বৈশ্বিক সচেতনতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কমিউনিটি সেফটি শিল্ড (সিএস-টু) প্রকল্প, সিএইচডিপি ও ল্যাম্ব-এর উদ্যোগে এবং ল্যাম্ব হেলথ ইউকে–এর সহযোগিতায় আয়োজিত এই ইউনিয়ন পর্যায়ের অনুষ্ঠানে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় কিশোর-কিশোরী, নারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কমিউনিটি নেতৃবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি ও ল্যাম্ব-এর বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বড় বাধা। এ সহিংসতার বিভিন্ন ধরন, এর ভয়াবহতা, আইনি প্রতিকার এবং নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনের গুরুত্ব তুলে ধরেন তারা। বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, স্থানীয় সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধিমূলক এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, নারী নেত্রী মোছাঃ রেজিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি মোঃ মোজাহার আলী এবং সিএস-টু প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।